চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলার আসামি তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।
আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল এলাকার মো. আজাদ বুখারীর ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান তাওহীদুল ইসলাম। এ সময় তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য অনলাইন ডাটাবেজে যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ের একপর্যায়ে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা থাকার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোহাম্মদ তুহিন জানান, “ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের একপর্যায়ে ওই নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

Reporter Name 






