দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। একই সঙ্গে অপরাধে জড়িত ‘নাঈম অটো মোবাইল ও বীজ ভাণ্ডার’-এর গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সার সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র অবৈধভাবে এই বিপুল পরিমাণ সার মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং মজুতকৃত সারসহ গুদামটি সিলগালা করে দেয়।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের বৈধ মজুত ও বেচাকেনা নিয়মিত তদারকি করার কথা থাকলেও কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী ডিলারদের রেজিস্ট্রার খাতা নিয়মিত পরীক্ষা করার কথা থাকলেও তা না করায় অসাধু ডিলারেরা অতিরিক্ত দামে সার বিক্রি ও অবৈধ মজুতের সাহস পাচ্ছেন।
অভিযুক্ত ব্যবসায়ী নাঈম হোসেন এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার শিকার হয়েছেন। বারবার একই অপরাধের পরও কৃষি বিভাগ কেন তাকে নিবিড় নজরদারিতে রাখেনি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে সার মজুদের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Reporter Name 







